Sunday, 20 July 2014

সুমন এবং অঞ্জন এর কাছে

 "হরিপদ একজন সাদা মাটা  ছোটো  খাটো  লোক"-খুঁজে পেলাম তাকে , কাল দুর্গাপুরের সিটি সেন্টার এস.ডি. ও  অফিসের একতলায় একজনকে দেখলাম বসে আছেন।  দেখে মনে হলো অঞ্জন দত্ত যা বর্ণনা করেছেন।  ঠিক সেরকম কেউ একজন আমার সামনে উপবিষ্ট। এটা  হয়ত আমার খারাপ অভ্যাস যে কোনো একটা নির্দিষ্ট চরিত্র সম্পর্কে শুনলে বা পড়লে , তাকে বাস্তব জীবনেও খোঁজার চেষ্টা করি , আর এটাও  ঠিক যে সেরকম কাউকে পেয়ে গেলেও বেশ ভালো লাগে। 
তবে কবীর  সুমনের "প্রথমত আমি তোমাকে চাই " তা বলার মত কাউকে দেখিনি , যদিও "নাগরিক কবিয়াল" আমার সামনে হেঁটে চলে বেরিয়ে গান শোনাচ্ছে রোজ , শুধু ভালবাসার জন্যই ভালবাসতে চাওয়ার গান। 

"আমার জানালা দিয়ে একটু খানি আকাশ ", আমি রোজ যখন দেখি , বিকেলে স্কুল থেকে ফেরার পথে , মনের কানভাসে এঁকে ফেলি রং তুলি নিয়ে মেঘদের ভাসমান অস্তিত্যে  রঙের বিচ্ছুরণ।  প্লাটফর্ম এ বসে থাকা পাগল "বিস্মরণে মগ্ন ", তাকেও অবিস্কার করি নতুন করে , তার জগৎ আলাদা , নিজস্ব ভঙ্গিতে সে জগতে তার বিচরণ , কিছু কিছু কথা শুনে  উপলব্ধি হয় , আসলে পাগল অভিধায় ভূষিত যাকে করছি , সেকি সত্যি পাগল, না স্বাভাবিকতার মোড়কে  লুকিয়ে রাখা দন্দমূলক আমরা ই ?......প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসে বিদ্ধ করে। 


কিন্তু খোঁজা শেষ হচ্ছে না সেই মানুষ কে যে বলবে -"হাল ছেড়োনা বন্ধু বরং কন্ঠ ছার জোরে /দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে " .
অতএব চলুক সন্ধান প্রতিদিনের মতই , সন্ধানী চোখে , বাক্যালাপে চিরন্তন আশার  সংলাপে । 
 


 

 
 

A FLEETING THOUGHT

even the forbidden fruit has been devised by the omnipotent god, so why Satan has been blamed or Eve and Adam were uprooted from Paradise?
moral- making scapegoat is the easiest way of defense mechanism,even God is not an exception.


 

Saturday, 19 July 2014

ছিলাম

থমকে গেছে রাতের শহর , সময় বন্দী অনিবার্যতায়। 
কান্নার সুর প্রগাড়  হয়ে গল্প বলছে প্রথম পরিচয়ের। 
তোমাকে নদী করে পেতে চেয়েছিলাম, স্রোত মাপতো 
শরীর।  থিসিস  এ অকাল বিদায়  , মৃত্যুর চক্ষুদান। 
অন্ধকার থাকুক তবে শোনাতে গান, হাতের তালুতে 
হালের কড়া  পরেছে , নৌকা বাঁধা ঘাটে , শেষ না 
হওয়া অভিযান লিখছে  স্বেচ্ছা নির্বাসনের গান। 
মুখচোরা ভাঁটায়  ডুবছে কাপুরুষ মনস্তাপ, 
সন্তাপ- তোমাদের গেরস্থালিতে বড্ড ই বেমানান।

Friday, 18 July 2014

দন্ডিত

করুনা  চাইছিনা , লিখতে বসে মিলাচ্ছি 
যোগ্য মানানসই শব্দের সমাহার। 
আমি অপরাধী , সত্যি  নগ্ন করে  
দেওয়ার পর ,দন্ড মাথায় নিতে বসে আছি 
কর্কশ মেঝের ওপর।  মিথ্যা শিখব সশ্রম কারাদন্ডে। 
আটপৌরে নিস্তরঙ্গ বেশে আমন্ত্রণে আমি 
নানারকম আঁকিবুকি কাটছি ভাতের থালায়।
এঁট পাতে বেমক্কা স্পর্ধা ; স্ফীত পেট ,  জরায়ু 
তে রক্ত গড়ে নিচ্ছে গল্প , অলীক  স্বপ্ন। 
ফাঁকা বিচারে শাস্তি  উপার্জন ,অন্ধকারে 
কয়েদখানায় ভালবাসতে নেই  বারন। 
লিখছি ,যদিও  না মিলাতে পেরে শেষমেশ
জলের কবিতায় , গভীরতার গল্পর ছদ্মবেশ।





Thursday, 17 July 2014

উদারীকরণ

ও আচ্ছা, তাহলে আপনি চুপ থাকুন।
কথার জাল প্রতিদিন ছড়িয়ে তর্ক জিতেছেন। 
দেখুন চেয়ে যে গল্প গুলো আঁকছেন কবি সেজে 
অন্তমিলে , প্রেমিক প্রেমিকার বস্তা পঁচা কাব্যে 
যে কেউ একজন শহীদ  হয়ে যাচ্ছে সেই আদিকাল থেকে। 
কেন বলুন তো প্রেম মানেই উড়াতে হবে ত্যাগের ধ্বজা ?
 কে বলেছে প্রেম চলে নির্দিষ্ট  অভিধান মেনে ?
যদি ভেবে  থাকেন , তবে ভুল করেছেন।
প্রেম আসলে চলে না, দৌড়ায় না, বা লাফায় ও না!
মোলায়ম  তুলতুলে অনভূতি রা যখন বালিশ জড়িয়ে পাশ ফেরে 
প্রেম সকাল সন্ধ্যে সহজেই বিস্তার করে তার পসরা।
প্রজন্মান্তরে খুচরো  পণ্যের সাজানো বাজারে
প্রেম বিকোচ্ছে  হরদম ,নেশার চোখে পড়ছে না ধরা। 

নতুন করে সাজান তর্ক , উদারনীতির তত্ত্ব অনুযায়ী -
প্রেম আদপেই খোলা বাজারের 
চাহিদা এবং জোগানের  ভারসাম্যে- ট্রাপিজর খেলা।





Wednesday, 16 July 2014

দূরের এবং কাছের তুমি

আমার কাছে তুমি হাইওয়ে তে দেখা বিজ্ঞাপনের কাট  আউট।
জীবিত আছ জানি , তবে প্রাণহীন।
অবিকৃত চওড়া হাসি  অমলিন ;
সাবলীল ভঙ্গিতে তোমার শাড়ী ঝরাচ্ছে  আলো!
সিগনালে লাল হলে আরো কাছে  নেমে এসে  তুমি
স্পষ্ট কর ভরাট কাব্য। 
কিকরে বলে দাও জানিনা ,
দোল খেতে খেতে আমার কানে কানে -
পোশাকি বিনিময় সহজলভ্য .
অন্যমনে ঠাঁই  দিয়েছি  পরম সুন্দর নীরবতা ,
শুরু করি দিনযাপনে কান্না কাটি ভাগ করে নেওয়ার পালা। 
আঁচল এ শিল্প নৈপুন্যে শ্রুতিলিখন,ছায়াশরীর নির্ভরতা । 

সিগনাল এখন সবুজ, আরো, আরও দুরে সরে যাচ্ছ তুমি। 
দিগন্তের ওপারে সুখ আছে তোলা , আর কত পথ গেলে 
পেয়ে যাব নিজস্ব ঘরবাড়ী , মাধুকরী চিন্তারা ?
এবং বিবর্তনবাদের পূর্বেকার তুমি অথবা পারমার্থিক সহৃদয়তা। 


Tuesday, 15 July 2014

যদিও

আমাকে  তুমি বলেছিলে -
"এত ভাবছ কী  বসে , ঘুমহীন চোখে ?"
আসলে ভাবনারা চোখে নিস্চিন্ত্যে দুলতে পারে,
ক্যাঙ্গারু শাবক হয়ে তারা দিন কাটায় ,
আমার সাথে সাথে চলে ফেরে , অবশ্য  ঘুমাতে 
দেয় না যদিও। 

আমাকে তুমি ডেকে ছিলে -
"চলে এসো , আর অত দূর যেও না "
আমি তো  কাছেই  আছি ,তবে  সংসার ছেড়েছি ;
এখন তো নাম মাত্র প্রয়োজনে কাছে আসা 
রোজকার সাদা শার্ট ,বাজারের থলির ময়লা 
ধুলে যায়না যদিও। 

আমাকে তুমি ভালবেসে কথা  দিয়েছিলে -
"রাত বাড়লেও, বাড়বেনা বিরহ "
আমিও তো দিয়েছিলাম প্রতিশ্রুতি। 
প্রথম প্রথম আর সব কিছু ভালোর মত 
ভালবাসা নতুন ছিল ,সময় পেরোনো পর 
পুরনো  ভলোবাসা বাড়ছে না যদিও। 




 

জিরাফ

জিরাফের কাছে ভাষা চেয়োনা।
আমাকে খুঁজলে দেখতে পাবে চিড়িয়াখানা র  
দরবারে। প্রতিদিন তো দেখছ  বাসে , রাস্তায়। 
সরেস  দৃষ্টি এড়ায়  না মাপজোক।
  চুপিসারে ভেবে  নিতে ভুল করোনা 
আজ রাতে তোমার ঘুম আসবে কি?
আমার তো ভয় অবধারিতই , নাকি তোমরাই পাচ্ছ  ভয় ?
 আমার মুখেও ভাষা  নেই , আসলে এটা  অভ্যাস 
বহু পুরনো। এসব সত্বেও  কৌশল ভুল হয়না। 
ছায়ার মতোই বোবা  করে রেখে দিয়েছ !



আরে জাননা জিরাফ আর মেয়ে মানুষ কোনো 
কথা বলতে পারে নাকী ?

 
 




 

Monday, 14 July 2014

তুমি থাকছ বাকিদিনের মতই

নয় পুরোপুরি কাঁদ, নয় মুখের  ওপর থেকে মন খারাপের চাদর সরাও।
অনেক রাত এভাভে একাকী কেটেছে , যখন জানালা ছিল সঙ্গী
মনখারাপের , ভালো না থাকার এলোমেলো চিন্তারা  চোখ রাঙিয়ে
বলে যেত কতক টা  ভালবাসা lacto basilicas এ আচ্ছাদিত।
মাঝেমধ্যে অবশ্য অযথা চিত্কার করেছ তুমি গাড়ি চাপা পরা কুকুরটার মতই।
মানুষের তুলনায় কুকুর গাড়ি চাপা কম পরে যদিও।
আজ রাস্তার আলো  জ্বলেনি। তবুও তুমি কাঁদতে
পারছনা , মুখের ওপর অনুশোচনা জমিয়ে রেখে শাস্তি  দিচ্ছ ?
চেয়ে নাও না বালিশ জোড়া ঘুম , আমার চল্লিশ চোখে চালসে -
এখনো বলছি মন খারাপের চাদর উড়িয়ে কান্না নামাও মূলত
মুক্ত হতে -যেকোনো মূল্যে  অন্ধকার ভুলে যেতে ।



Sunday, 13 July 2014

ইচ্ছা প্রলম্বিত

আমি সূর্যাস্তের রং মেখে দাঁড়ালাম
পাহাড়ের ওপারে,নগ্নতায়।  অন্ধকার নামছে ছুটে চলা
ট্রেনের মতোই ,;অন্ধ হঠাত দৃষ্টি পেলে যেমন চেতে পুটে  নিতে চায়
সমস্ত জগত সংসার, আবার ফিরে আসা প সংসার ভুলে
প্রেমে চিত্কার করি শেখানো  পরকিয়া কবিতা।
প্রতিদিন ভালো না থাকার যন্ত্রণার লেখচিত্র আঁকতে বসে দেখি
আমার সন্তান ও আঁকছে ঘর বাড়ি , পাহাড় , নদী , রাখালিয়া পথ
৩ কামরার ফ্ল্যাট বাড়িতে চড়াই নেই।
তাই নিস্পাপ প্রশ্ন খোঁজে উইকিপেডিয়ার ছবি।
স্কুলে শেখানো  পাঠ  পেরিয়ে মাঠের ছবি এঁকেছিলেন কোনো শিল্পী।
অনুকরণ প্রতিকৃতি তে বেঁচে আছে পটভূমি , যদিও কৃত্রিম।
আমিও স্পর্ধা নিয়ে বাঁচি , দোসর সিগারেট।
কংকাল এক রূপী , ভিন্নতায় ঘৃনা অথবা অভিশাপের ছায়া সংকেত।



যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...