Thursday, 1 February 2018

টিশার্ট

এক এক টা ভালোবাসা  রোদে মেলে দি।
ক্লিপ আটকে দি, এলোমেলো হাওয়া যাতে উড়িয়ে না নেয়।
ভেসে থাকে হাওয়ায়, এদিক ওদিক ।
বিকেলে স্কুল থেকে ফিরে শুকনো কাপড় তুলে নিয়ে আসার সময় দেখি পড়ন্ত রোদে তোমার
টিশার্ট শুকিয়েছে।তবে কলারের কাছে আধ ভেজা।
সেখানে এখনো মিশে সাবানের গন্ধের সাথে ডিওডোরেন্ট।
তখন হয়তো তুমি ট্রেনে, ঘুম চোখে নেমে আসে বিকেলের ছায়া।
ক্লান্ত শরীর কে টেনে নিয়ে যাও ল্যাব এ।
বিশ্বাস করো ওই ভেজা গন্ধের আদরে কেটে যায়
ছটা দিন।
আলমারি থেকে জামাকাপড় নামাই তোমার। অনেক গুলো রান্নার মাঝে খুব তাড়াতাড়ি।
ধোয়া কাপড়ে আবার মিশবে তোমার ঘাম, ডিও।

যা রেখে যাও তুমি প্রতিবার ।
আমাকে যা প্রেমিকা করে রাখে তোমার অপেক্ষার।

Saturday, 23 December 2017

অভ্যন্তরে

sabornichakraborty.blogspot.com/in

কিছু পথ দূরে হেঁটে যায়।
জানা কিছু শেষ হয় গলির মোড়ে।
মাথা নিচু করে যে পথ লুকিয়েছে
গভীর কোথাও, সে পথে অনেক গল্প
লুকিয়ে;চোখের আড়ালে বাঁচে অনুভব।
আমার একলা জানালায়
তার নিত্য আনাগোনায় পথে
ধুলো জমেনি কোথাও।
শুধু চলে গেছে 10 টা বছর।
আমার আর তার, সেই বিস্মৃত
আগস্টের বিকেলে দুচাকার হাইওয়ে।
অভ্যন্তরের ছায়াপথ।

Monday, 27 November 2017

তখন - এখন

দরজায় এখন আর কেউ কড়া নাড়ে না।
আসলে কড়া এখন রাখা দস্তুর নয়।
ডোর বেল বাজে, ভিতরে লোক আছে নাকি
তালা সে যখন বোঝার উপায় নেই, তখন অপেক্ষা
করেই দেখা যাক।

সিঁড়ির ভাঁজে পায়ের শব্দ শুনলে অপেক্ষায় কেউ
কান পাতেনা। কোথায় কে সব জানে গুগুল, অদৃশ্য কাঁপা তরঙ্গে জানায় যেসব বন্ধুরা খুব কাছে
তাদের হাত ঈশারায় ডাকা যাক।

চিঠি র অপেক্ষা পেন ফ্রেন্ড ,সদ্য কৈশোর পিওন এর সাইকেল এ ক্রিং ক্রিং শোনেনি। মেসেঞ্জার এর
পিং এর মত আওয়াজ কি?ধারণা নেই।
চিঠি কমনীয় উষ্ণতা ভোলা যাক।

Sunday, 26 November 2017

সময় ফুরাচ্ছে দ্রুত

কত কিছু যে করার বাকী।
দিন ফুরিয়ে যাওয়ার আগে
সব কাজ শেষ করে ফেলার টার্গেট নিয়ে এগোতে দেখি বেলা শেষ হয়ে এলো, তবুও এগোতে পারিনি একচুলও। সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। অর্থহীন জীবন তবুও মরুভূমি হয়নি।
স্বপ্ন দেখার অভ্যেসে প্রতিদিন জল পাচ্ছে সময়।
তীব্র ,ভীষণ তীব্র একটা ছটফটানি কামড়াচ্ছে ঘিলু।
পাপবোধ নাকি অমেরুদন্ডী সহনীয়তা অন্দরের মানুষ টাকে শেষ করছে রোজ?
এখন এই বোধ ঘিরে ধরে-
আমি কী, অথবা কেন?

Sunday, 19 November 2017

মন খারাপ কে

মন খারাপ-তুই দূরে থাক।
একটা হিংসুটে দুস্টু পাজি বজ্জাত।
নিজের কোনো রং নেই।
আমার আছে অনেক রং
লাল হলুদ কমলা বেগুনি
আসমানি নীল রামধনু একঝুড়ি।
মাঝে মাঝে কেড়ে নিতে, চুরি করতে
তুই চলে আসিস নির্লজ্জ।

অনেকগুলো সময় পুড়িয়ে মন খারাপ
তুই ভাবেছিলিস রং আমার শেষ।
কিন্তু কতটা ভুল তুই নিজেই ভাবিস বল?
নাহলে দেখ যেই আমি তুলি ধরলাম তুই
ঢাকলি মুখ, যেই আমি নিজেকে সাজালাম
তুই পিছিয়ে গেলি কয়েক পা।
এখন আমি আঁচড় কাটতে শিখেছি।
বেসুরো গলায় গলা সাধার পর থেকে
তুই বেপাত্তা। এলোমেলো নাচ শুরু করতেই
পায়ে লাগলো মোচড়। সেই দেখে তোর কি
হাসি, ভাবখানা এমন যেন বেশ হয়েছে, এবার
ব্যথার সাথে আমি বসবো জাঁকিয়ে।

আরে হিংসুটি তুই জানিস না।
সৃষ্টির রং ধুয়ে দেয় তোর কালিমা, অগোচরে তোরই।

Thursday, 16 November 2017

শিশু দিবসে নিজেকে

বয়স বাড়ছে চুলে পাক।
সমাজ বলছে গম্ভীর থাক।
মা বলছে হয়েছ বড়।
বকবক টা কমাও আরও।
পেশার দাবী বিজ্ঞ হও।
টাকা বলছে হিসেবি হও।
সংসার চায় সব কিছুই
সময় , শরীর যা আছে তাই।

হয়েছি বড় অনেক জ্বালা
বিরক্তি আর রাগ মেশাই।
তবুও কিন্তু ফিক ফিক ফিক
হাসছি দেখো বাচ্চা তাই।

Saturday, 30 September 2017

অনুসন্ধান


এই যে দেখছ কত সহজে তেতো র থেকেও ভয়ানক ঘটনা ভাতের থালায় চটকে গিলে ফেললে।
আবার শুনে অম্বল হলেও জোয়ান আদার আরকে দিব্বি তো হজম করে ফেললে আধ্যাত্নিক খুন -ধর্ষণ।
গরম তেলের মধ্যে জল পড়লে চিড় চিড় আওয়াজে হলুদ ফেলে দাও একটু। আওয়াজ থেমে যাবে।

কিন্তু মাঝরাতে ভুখা পেটা নেড়ি কুকুর রা ঠিক চিৎকার করবে, অচেনা কেউ পাড়ার গলিতে মুখ ঢোকালে।
সে তুমি কুকুর , কুত্তা যাই বলো,সারমেয় র নিশ্চিত স্বর্গপ্রাপ্তি তো আটকাতে পারবেনা। তোমার ঘুম ভাঙবে, অবশ চোখ না খুলেই পাশ ফিরে আবার ততোধিক গভীর নিদ্রায়।

ওই লালু ভুলু কালু থামতে শিখেনি , ওদের যাত্রা পথ
গলিপথ পেরিয়ে মুক্তি খোঁজে ।
যুধিষ্ঠির ও নরক দেখেছিলেন, এখনো সবাই দেখে মাছের চোখ নিয়ে।

ধার্মিক শীৎকার চাপা পড়ার পর, পাড়ার কুকুর জেগে থাকে-বোধহয় ছায়াপথে স্বর্গ খোঁজে।

Thursday, 10 August 2017

As much as in life and death

When the endless waiting chews slowly
When the final is over, yet the result is like the waiting list of a train, meandering far.
Throbbing with hopes and despair,the dilemma hangs on the time.the foetus is safe within the womb and the dead is kept within the vault, both the places are immune to light.
Yet the child is divine, and the dead don't mind. Life tracks the beat - pounding heart beats and quivering lips.

Life hinges on engulfing waiting.

Sunday, 6 August 2017

আমার শহর তোমার শহর

ভিড় চেনায় জীবন।
কোলাহল আঁকে ছবি।
শপথে মিছিল হাঁটে
তোমার আমার আলাদা শহর
পূবদক্ষিনে রাখা।
পথ পেরিয়েও তোমার শহর
তবু কত চেনা, কত জানা।
তুমি ই তো সেই মানুষ
প্রত্যয়ী আশাবাদী।
ঘুম ভেঙে রোজ চলা শুরু
যার, আস্তিনে ঘাম মুছে।
শব্দ টাও তো আলাদা হয়না
তেলে ফোড়ন দিলে।

সত্যি তুমি পর নও
প্রতিদিন ওঠ বেঁচে।
আমরা সবাই সাধারন তাই
হিসেব শেষে মেলে।

Wednesday, 26 July 2017

ত্রুটি মার্জনীয়

যে পথে মিছিল হাঁটে
পতাকায় মুড়ে।
খানা খন্দ ফোঁকড় যা আছে
থাকুক বেঁচে বেড়ে।
প্রতিশ্রুতি প্রতিজ্ঞা নয়।
থাকে বোঝার ভুল।
আশা কেবল ফাঁকি
শুধু দুঃখের মূল।
সমাধানে সব শেষ
সমস্যায় বাঁচা।
জীবনে গোল খেলে
অংকে বড়ো কাঁচা।
তর্ক বিতর্কে জমে
সন্ধ্যা আসর।
নেপোয় মারে দই
ফুরালে ভোট বাসর।

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...