Thursday, 23 March 2017

প্রলেপ

আমার অতীত জানে কতটা গভীর ক্ষত।
প্রলেপ দিয়ে রাখা ঘা সময়ের সাথে শুকিয়েছে।
একটা দাগ জুড়ে গেছে ।নিরুদ্দিষ্ট এর সন্ধানে
কাজে লাগতে পারে যদি কেউ খোঁজে।
ব্যাথা গুলো মনে করিনা।
আমার সন্তান  প্রশ্ন করেছে
মা তোমার হাতের দাগ টা কি?
সত্যি বলতে পারিনি ওকে  রোজ পড়াচ্ছি যদিও
সদা সত্যি বলিও।
ভয় পাচ্ছি কোথাও
সত্যি টা জেনে বললে পরেই ও কি বাঁচবে আদেও?
কিছু সত্যি ভীষণ সত্য ,থাকা ভালো গোপনেই।
বাজারি সত্য ভীষণ গরম সেঁকে নি সকলেই।

থাক তবে থাক গোপন সত্য গোপন মনের কোণে।
হাতের দাগ পরিচয় পাক পোড়া চিহ্ন বলে।
দাগ শুধু দাগ যে নয় আমি কেবল জানি
দেশভাগের পর বাঙাল ভয়াল বিপদ বড়োই মানি।
বোঝা বাড়ালো , ভাগ বসালো নতুন দেশের মাঝে

দাগ টা কিন্তু প্রশ্ন করে বেমক্কাই কোন সুখে কিছু মানুষ
উদ্বাস্তু সাজে?

Monday, 13 March 2017

প্রতিশ্রুতি -যা কিছু পেতে পারি

যুদ্ধ থামার পর টি শার্টে লিখে দেবো
আলগা পেন্সিলের
স্কেচে নিঃশর্ত ঢেউয়ের আভাস।
আকাশ কে পনবন্দী করতে
পেরে  রাজসাজে যুদ্ধ
জয় করে ফেলার পরমুহূর্তেই
অদৃশ্য করে দেবো মনগড়া ইতিহাস।

পথ ভুলে যেতে পারো তুমি অযথাই
যদিও মনে করিয়ে দেবে ছায়াপথের
আবছা আভাস। মায়াবী লেনদেন
ফুরালে কাগজের টুকরো পোড়ে।
কর্পোরেশনের বোঝা বাড়ায়
বেঁচে থাকার নিঃশ্বাস।

পর্দারা ভেজে , ভারী হয় বাতাস।
জলরঙে এঁকে দিতে অন্তর্লীন
সমুদ্রের বালিমাখা রোদ একরাশ।

Sunday, 12 March 2017

আরেক বসন্তে

ঝুপসি চাঁদ রং মাখে না।
আবির ছড়ায়।
আগত বসন্ত যেমন প্রেম দেয়,
নতুন পাতার বর্ণ কবিতার খাতায়।

তেমন ই ফুরোয় না কোনো কিছুই,
শুধুই অপেক্ষায়...

Wednesday, 8 March 2017

নারী যাপন

ব্লাড রেড-পিঙ্ক পার্পল
সত্যি-গল্প বিজ্ঞাপন
দ্বন্দ্বমূলক নারী যাপন

Tuesday, 14 February 2017

সন্দীপ কে

খিদে চোখে একথালা ভাত।
খালি বোতলের শেষ দুফোঁটা জল।
প্রচন্ড শীতের কামড় বাঁচতে
কিছুটা পুরোনো চাদরের ওম।
লোড শেডিং এ ঘামে ভেজা শরীরে
মাঝরাতের বিদ্যুৎ তাড়িত হওয়ার আদর।

একসাথে জ্বলে ওঠে সলতে মোম
ছাদের কিনারে পানচেত পাহাড়ের লোভ
দুহাত আঁকড়ে দৌড়, আরো দূর।
সবদিন গুলোই শ্বাসে প্রশ্বাসে।

ভালোবাসার কোনো দিন নেই।
ভালোবাসা একসাথে বেঁচে ফেরার মানে।

Tuesday, 7 February 2017

ভিক্ষা

শহর বিক্রি করছে নিজেকে রোজ,
ছবিতে, বিনিময়ে, পয়সায়।
ভিখারি হাত পাতলে দারিদ্রতা বিকোয় চড়া দামে।
মাথার বিনিময়ে কিছু লোক পেয়ে যায়
খাদ্য, বস্ত্র, বাসস্থান।
ঘুম এবং শরীর প্রতিদ্বন্দীতায়
এগিয়ে যেতে যেতে ভবিষ্যৎ পুঁজির স্বপ্ন দেখে।
প্রতিটা দিন ভিক্ষাবৃত্তির জন্ম হয়
অনেকটা অনিচ্ছায়, অথবা স্বেচ্ছার আপোষে!
নির্মেদ দক্ষতায়।

Wednesday, 1 February 2017

আজ অকাল ফাগুন

হলুদ আঁচলে লাল বুটি।
উত্তরের হাওয়ায় কৃষ্ণচূড়া
স্পর্ধা চোখে মাপছে-
বসন্ত আর কদিন বাকি?

Monday, 16 January 2017

Question

The unasked loneliness
Can be heard
Within the circumference
Of inequality.
That narrates the thrashing of rhythm
Blinking faintly beside the sea shore
On the hilltop or on the plain of drudgery.

And all I seek is to inspect the yarn that
Bind all of us with unscrupulous rigidity.

Wednesday, 11 January 2017

এই শীতে

বিবস্ত্র শীত
বড্ডো গায়ে লাগে।
ঘুমাচ্ছে লেপ
আলোছায়া ঘরে।
এক ফালি উষ্ণতা
পশমের ভারে।
চাদর জড়ালো পিঠ
সুখের মায়াডোরে।

Tuesday, 27 December 2016

বাবা

যে পথে হাঁটতেন বাবা
সে রাস্তায় আসি বিশ্রাম নিতে।
কোনো কোনো পথ সড়ক না
হয়ে গলি হয়ে যায়।
বাবাকে খুঁজে পাই বারবার।
গলির মোড় যেখানে রাস্তায় মেশে
একটা শ্বেত টগর ,ফুলে জড়িয়ে রাখে নিজেকে।
ঠিক যেমন আমার বাবা গায়ে জড়িয়ে
রাখতেন বেশ পুরোনো ঘিয়ে রঙা কাশ্মীরি শাল।

বাবা অপেক্ষায় থাকেন জানালার পাশে;
অচেনা সড়কের গতি ফুরালে
ক্লান্ত পিঠের আশ্রয়।
সেই ফুলধরা গাছ হয়ে-ছায়ার অঙ্গীকার।

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...