Wednesday, 23 November 2016

বয়স এর আলাপ

বয়স বাড়ছে বুঝতে পারি
এখন তোমার ফোন আসা
ভীষণ ভীষণ দরকারি।
বাঁধন গুলো জড়িয়ে দিলো
দুঃখ হাসি রাগ।
মায়া ,বড্ডো মায়ার লেপে
ঘুমিয়ে পড়া রাত।
সময় যখন শেষ হয়েছে
অপেক্ষার শুরু।
এভাবেই থাক বাকি জীবন
লুকোনোর আরেকটু ছল ছুতো।

Wednesday, 26 October 2016

দৃশ্য এবং দৃষ্টি

দৃশ্য পুরোনো -
পুরাতনের পুনরাবৃত্তি ঘটে বারবার
ধূসর পাতা, ধোঁয়াটে গন্ধ , সূর্য্য ভোলা আকাশ।
বাগানের কোনায় ছোট্ট ফুল, কফি কাপে চুমুক-
নিভে যাওয়া ক্ষোভ, আলাদা দাঁড়ানোর জায়গা কই?অগত্যা গতিহীন দ্বীপ।
ঢেউয়ের আওয়াজ আসে, জল পা ভেজায় না।
শুধু ধুলো জমে পরতে পরতে
টেবিল, চেয়ার, ভাতের থালার মাঝে।

দৃশ্য না পাল্টালেও দৃষ্টি পাল্টে দেখলে
পেতে পারো নিরপেক্ষ জিরো আওয়ার।

Thursday, 20 October 2016

পরিবর্তনের পর

পাল্টে ফেলেছি ঘর,আসবাব, পর্দার কাপড়।
খুঁজে নিয়ে দোকান, কিনেছি অনেক সুখ।
খুব সাধারণ জীবন থেকে মুক্তি নিয়েছি আগেই-
অনুভূতিরা ভোঁতা হয়েছে ক্লান্তি মাখা চোখ।

একেকটা বেড়ার তাবিজ বেঁধে গর্ব করছি রোজ।
কাকডাকা ভোর পেরোনো সকাল কুসুম রঙা রোদ।
অনভ্যাসে হারিয়ে গেছে নাছোড়বান্দা শিশির,
কেবল দশ সংখ্যাটাই রাখছে আমার হদিশ।

কথাগুলো সব ফুরিয়ে গেছে,বাক্যরা যান্ত্রিক।
বনসাই আছে ঘরের কোণায়, ভীষণ আত্মকেন্দ্রিক।
সেলফি জীবন, নাবালক প্রেম ,পরিণত বোঝাপড়া-
বাড়ছে খেদ এবং মেদ এবং শুন্যতারা

Tuesday, 11 October 2016

শুভ বিজয়ায়

চুঁয়ে পড়া জল
বিন্দু বিন্দু জমে
ঘট ভরে যায়।
হঠাৎ প্লাবন আসে।
মুখ ভাসে ।
চেনা মা দর্পনে
প্রতিবিম্ব কাঁপে।
ঝাপসা চোখ
ফিরে তাকায়
আগামী বছরের পানে।

এই ক'দিন

যে যেমন পারছে নিচ্ছে কুড়িয়ে
প্রেম,আনন্দ, আলো, বুক ভরা গান।
খুচরো খুচরো সময় গীটারের তার
পুজো আসে, পুজো যায়
জৌলুসে কোলাহলে রাত পেরিয়ে দিন এসে বলে
"কতটুকুই বা সঞ্চয়,কতটাই বা খরচ,
মাঝে শুধু ব্যবধান দিন কতক।"
সেখানে শুধু এলোমেলো আনন্দরা ইস্ত্রি হয়ে যায়,
পাটভাঙা মুহূর্তেরা যে বাকি তিনশ দিনের,
বছরভরের তহবিলে সঞ্চয়ী বাঙালি
তুলে রাখে মাধুকরী -
বাকি দিন গুলো যে বং এ দের জন্যে।

Monday, 3 October 2016

Concentration Camp

Within the confinement of  four walls,
Within the periphery of province
Across the border of the States
Everywhere there is the eternal
Concentration camp.

And within myself ,there is several shadows confined within the morals and precepts.
Nowhere to go, neither a place to exhale, only to sigh
Within this concentration camp.

কারুর অপেক্ষায়

ভিজে কাপড় শুকোতে দিয়েছি।
দুপুর গড়িয়ে বিকাল।
অবুঝ সন্ধ্যে ধার করেছি,
আচমকা বাতাস বেখেয়াল।
গুঁড়ো গুঁড়ো হাওয়ায়
জমাট বাঁধছে গল্প।
আরেকটা প্রেম হাতছানি দেয়
শাড়ী লিখছে কবিতা স্বল্প।
এটুকুই থাক, টুকরো শ্বাস
বাসা বাঁধুক বুকে।
আলতো চুমু এঁকে দিলাম
রাতভাসি চোখে।

Saturday, 1 October 2016

প্যারাডক্স

যে লোকটার কারখানা বন্ধ তাকে জিজ্ঞাসা করলে জানবে শুধু অক্সিজেন নয়,তার জীবনে কার্বন ডাই অক্সাইড বাঁচার রূপরেখা আঁকে।

বন্ধ কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোয় না।
এদিক ওদিকের সবুজ অক্সিজেন ছড়ায়।

কিন্তু খিদে মেটায় কি?

অনেকের কাছে বিষ টাও যে বাঁচার জন্য ভীষণ জরুরী।

Tuesday, 27 September 2016

পিতৃপক্ষ 3

বাবা হওয়ার পর মানুষ কেমন ভীতু হয়ে যায়।
স্পষ্ট কথা ইঙ্গিতে পরিণত মনস্কতায় রূপ পায়।
অল্প স্বল্প পরিসরে নিজেকে গুটিয়ে নেয়    আস্ফালন
বাবা জানে চেনা গন্ডি কেটে সন্তান আগলানো।
অথবা ভাঁজ পরা শার্ট কোঁচকানো।
পরিচয়ের ভাষা বাসগৃহে কড়া নাড়ে,
বন্দী পুরুষ বাবা হয়ে যায় রক্তের সম্ভাষণ এ।
বাবার জগৎ শেষ হয়েছে মাঝরাতে ভাঙা ঘুমে।

বাবা নিজেই জানেনা অন্ধকারের ছায়া আর কতই বা প্রলম্ব হবে।
ইচ্ছেমতন চাহিদা রা এলোমেলো অবসন্ন হয়ে তোষকের তলায় লুকোবে।
ছোট আঙ্গুলগুলো মুঠোর দেওয়ালে এলিয়ে পড়ার পরেও বাবা জাগে
অবয়বে নয় ,গোপনে আরো গভীর কোথাও বাবা
দলিল লেখে -স্থাবর অস্থাবর ইচ্ছের তালিকায় অজস্র কাটাকুটি।

ভালোবাসা মাখা অপূর্ণতারা তর্পণ এ বাসা বাঁধে।
বাবাদের কথা প্রজনমান্তরিতে -সব বাবারাই জানে।


Monday, 26 September 2016

ট্রানজিশন

তুমি বেঁচে থাকতে চাও।
শহুরে সভ্যতা তোমায় শিখিয়েছে হায়েনার হাসি,
শ্বাপদের লক্ষ্য;পুতুলনাচের মুদ্রা নকল করা মজলিস। সমস্তটাই পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কত ছবি আঁক বা কবিতা।
স্তবের প্রতি ছত্রে ছত্রে আত্মবিক্ষনের কপট ভঙ্গিমা।

তুমি যে ভালো নেই-সকাল বেলায় তোমার ভারী ফুলো চোখে করা যেন লিখে দিয়ে গেছে।
ক্লোরিন জল ছিটিয়ে বাঁচতে চাও রোজ কৃত্রিমতায়। কল্পনার পেঁজা আকাশ তোমার জন্য নয়।মায়াবী দেওয়ালের ওপারে বন্ধু খুঁজে নাও
স্বমেহন স্বত্তার নির্গমনের অছিলায়।

এরকম তো কথা ছিলনা।
কাগজ পোড়া ছাই তো জমছেনা কোথাও।
মেসেজ ইনবক্সের কথা দগ্ধ করে-
মোছার পরেও ধরে রাখে হার্ড-ডিস্ক
যেখানে ধরা আছে সমস্ত নগ্নতা।
তোমার অভ্যন্তরে লুকানো আর্কিটাইপের ভয়,
রুক্ষতা ,জান্তব ব্যর্থতা, আত্মবিস্মৃতির গোপনীয়তা।

তাই তুমি পা টিপে টিপে আড়ি পাত...
ভয়ঙ্কর জিগিষায় মাদক মিশিয়ে গিলছ শূন্যতা।
ঈশ্বর পরিহাসময় ভেবে একেকটা তাস ফেলেছো
আর অপেক্ষা করেছ টেক্কার।
যৌনতার কাছে জিতে গিয়েও হেরে গেছো।
বিনিময় দরদাম দিয়ে জোড়া ধড় মুণ্ডু ছিঁড়ে
দৌড়েছ। তারপর তো খবরের কাগজে লিখেছিল-
"অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ডাউন লাইনে।" কিন্তু কোথাও লেখা ছিলনা কেন
শেষে তো তুমি মানুষ হতেই চেয়েছিলে,
কোনো শ্বাপদ কি আত্মহত্যা করে কখোনো?

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...