কবিতা আশ্রয় পেয়েছিল
খরচের খাতার পিছনের পাতায়।
হিসেবের সমান্তরালে শব্দের জাল।
বেসুরো রাস্তায় বিছিয়েছিলো ছায়াপথ।
একটা খেলা চলছিল বেশ।
তেল ,নুন,লঙ্কা, চালের দর রান্নাঘর পেরিয়ে
শোবার ঘরে অন্য একটা ঘর-অবিন্যস্ত দুপুর-
বেঁচে থাকার রসদ।অন্য ভাবে
অস্তিত্ব যাপন।মাসের শেষ বা শুরুর
সাপ-লুডোর ফাঁস গলিয়ে কালচে
কার্নিশে বেঁচে থাকা সবুজ ফার্ণের মতো
কবিতা টিঁকেছিলো রোজনামচায়।
শব্দ খরচ হলে কথা বাড়ে,কবিতা নয়।
অক্ষর জুড়ে বাঁধানো লেখার মিনে কাজে
ধাত্র তোমার চর্চিত চিন্তন।
অর্থ বর্ষ পেরোলে পুরোনো কাগজের দিস্তায়
খরচের খাতার স্থান।কবিতা বিকোয় দরদাম এ।
পুরোনো খাতার দামে ভাবনারা দাঁড়িপাল্লায়-
তুচ্ছ আঁকিবুঁকি এখন কাগজের ঠোঙায়।
No comments:
Post a Comment